পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’: বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিনেত্রী পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে দীর্ঘদিন ধরে তদন্তের মুখে ছিলেন গোলাম সাকলায়েন। তদন্তে বিভিন্ন সময়ে পরীমনির বাসায় তার অবস্থানের প্রমাণ পাওয়া গেছে বলে অভিযোগ ওঠে।

এর আগে ২০২৪ সালের ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে পাঠানো এক চিঠিতে গোলাম সাকলায়েনকে ‘গুরুদণ্ড’ হিসেবে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে মতামত চাওয়া হয়। ওই চিঠিতে মোবাইল ফোনের ফরেনসিক প্রতিবেদনের ভিত্তিতে পরীমনির বাসায় তার নিয়মিত যাতায়াতের তথ্য উল্লেখ করা হয়। ২০২১ সালে সাভার বোট ক্লাবকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত করতে গিয়ে অভিনেত্রী পরীমনির সঙ্গে গোলাম সাকলায়েনের পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করে।

সেই সময় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে বিভাগীয় তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়। অবশেষে দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত কার্যকর করল সরকার।

Nagad