প্রতারণা ও জালিয়াতির মামলায় কারাগারে সময় টিভির সাবেক এমডি জোবায়ের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬

প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় অপর তিন আসামি আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরীর জামিন মঞ্জুর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আসামিরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে অপর তিন আসামির জামিন মঞ্জুর করা হয়।

আসামিপক্ষের আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন শুনানিতে দাবি করেন, মামলাটি মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক উদ্দেশ্যে দায়ের করা হয়েছে। সময় মিডিয়া লিমিটেডের মালিকানা ও পরিচালনা নিয়ে চলমান বিরোধের জেরে বাদী প্রতিশোধমূলকভাবে এ মামলা করেছেন বলেও তিনি আদালতে উল্লেখ করেন।

মামলার এজাহার অনুযায়ী, প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং কাগজপত্র জালিয়াতির অভিযোগে আহমেদ জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গত ১০ মে আদালতে মামলা করেন সৈয়দ আসাদুজ্জামান।

এর আগে আদালত আসামিদের ১৭ জুন হাজির হওয়ার জন্য সমন জারি করেন। নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না হওয়ায় বুধবার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

Nagad

পরোয়ানাভুক্ত অন্য দুই আসামি হলেন আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী এবং মেয়ে সারাফ নাওয়ার জয়ীতা।