শেষ মুহূর্তের রোমাঞ্চে আইভরি কোস্টকে হারিয়ে নকআউটে জার্মানি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:২১ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৬

শেষ মুহূর্তের নাটকীয়তায় আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি। বদলি নেমে জোড়া গোল করে জয়ের নায়ক হয়েছেন দেনিজ উন্দাভ।

রোববার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় কানাডার টরন্টো স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় জার্মানি ও আইভরি কোস্ট। ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও একসময় পিছিয়ে পড়েছিল জার্মানরা। তবে শেষ পর্যন্ত দারুণ প্রত্যাবর্তনে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই শেষ ষোলো নিশ্চিত করল জুলিয়ান নাগেলসমানের দল। এর আগে প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল জার্মানি। ফলে ২০১৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে উঠল তারা। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল জার্মানদের।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় জার্মানি। ২১তম মিনিটে কর্নার থেকে আলেকসান্দার পাভলোভিচের হেডে বল জালে জড়ালেও গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের অভিযোগে সেটি বাতিল করেন রেফারি। এরপর ৩৮তম মিনিটে কাই হাভার্টজের আরেকটি গোলও বাতিল হয়, এর আগে জামাল মুসিয়ালার ফাউল ধরা পড়ায়।

এভাবে একের পর এক সুযোগ নষ্টের খেসারত দিতে হয় জার্মানিকে। ২৯তম মিনিটে এগিয়ে যায় আইভরি কোস্ট। ডান দিক দিয়ে গড়ে ওঠা আক্রমণে প্রথমে আমাদ দিয়ালোর শট জার্মান রক্ষণে প্রতিহত হয়। তবে ফিরতি বলে সুযোগ পেয়ে কাছ থেকে জালে বল পাঠান ফ্রাঙ্ক কেসি।

বিরতির পরও সমতায় ফিরতে হিমশিম খাচ্ছিল জার্মানি। ম্যাচের গতি ফেরাতে ৬০তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন কোচ নাগেলসমান। আর তাতেই বদলে যায় ম্যাচের চিত্র।

Nagad

৬৮তম মিনিটে বাম প্রান্ত থেকে নাদিয়েম আমিরির দারুণ ক্রসে হেড করে সমতা ফেরান বদলি নামা দেনিজ উন্দাভ। গোলের পর ম্যাচে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ে জার্মানি।

যখন ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আবারও হাজির উন্দাভ। মাঝমাঠের কাছ থেকে ফেলিক্স এনমেচার বাড়ানো পাস নিয়ন্ত্রণে নিয়ে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক শটে বল জালে পাঠান তিনি। তাতেই জয় নিশ্চিত হয় জার্মানদের।

শেষ মুহূর্তের এই জয়ে শুধু তিন পয়েন্টই নয়, নকআউটের টিকিটও নিশ্চিত করল জার্মানি। অন্যদিকে টানা দ্বিতীয় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়ে গেল আইভরি কোস্ট।