স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২৬

বিশ্বকাপে কেপ ভার্দের রূপকথা যেন থামছেই না। প্রথম ম্যাচে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেওয়ার পর এবার দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষেও দারুণ লড়াই করে ২-২ গোলে ড্র করেছে আফ্রিকার দেশটি।

ফ্লোরিডায় অনুষ্ঠিত গ্রুপ এইচের ম্যাচটিতে ইতিহাস, চমক আর উত্তেজনা—সবকিছুরই দেখা মিলেছে। বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোল পাওয়ার ম্যাচেই শেষ পর্যন্ত শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ড্র করে মাঠ ছাড়ে ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে। ফলটি তাদের জন্য জয়ের সমানই।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উরুগুয়ে। তবে ২১তম মিনিটে চমকে দেয় কেপ ভার্দে। প্রায় ৩২ গজ দূর থেকে নেওয়া জোয়াও পিনার দুর্দান্ত ফ্রি-কিক উরুগুয়ের জালে জড়িয়ে যায়। সেই গোলেই বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো গোলের স্বাদ পায় কেপ ভার্দে।

পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে মার্সেলো বিয়েলসার দল। ফেদেরিকো ভালভার্দে, মানুয়েল উগার্তে ও রোনাল্ড আরাউহো একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা মিলছিল না। শেষ পর্যন্ত সমতা ফেরান আরাউহো। রদ্রিগো বেনতানকুরের ডিফ্লেক্টেড হেডার গোলমুখে ভেসে এলে কাছ থেকে হেডে জালে পাঠান তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে উরুগুয়েকে এগিয়ে দেন আগুস্তিন কানোব্বিও। আরাউহোর তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে সহজ ফিনিশে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

তবে দ্বিতীয়ার্ধে আবারও ঘুরে দাঁড়ায় কেপ ভার্দে। ৬১তম মিনিটে উরুগুয়ের রক্ষণভাগের বড় ভুলের সুযোগ নিয়ে সমতায় ফেরে দলটি। ডিফেন্ডার মাথিয়াস অলিভেরার ভুল পাস কেপ ভার্দের বদলি খেলোয়াড় ভারেলার কাছে চলে গেলে তিনি ঠাণ্ডা মাথায় গোলরক্ষক ফার্নান্দো মুসলেরাকে পরাস্ত করে বল জালে পাঠান।

Nagad

ম্যাচের বাকি সময়ে উরুগুয়ে জয়সূচক গোলের জন্য চাপ বাড়ালেও আর সফল হতে পারেনি। শেষ পর্যন্ত ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। আর তাতেই স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিয়ে বিশ্বকাপে নিজেদের স্বপ্নময় যাত্রা আরও দীর্ঘ করল কেপ ভার্দে।