করাচি হামলার জেরে আফগান সীমান্তে পাকিস্তানের বড় অভিযান, নিহত ২৯
আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা বাহিনীর স্থল ও বিমান হামলায় অন্তত ২৯ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। সম্প্রতি পাকিস্তানে ধারাবাহিক প্রাণঘাতী হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তারার দাবি, পূর্ব আফগানিস্তানের পাক্তিয়া, পাক্তিকা ও কুনার প্রদেশে পাকিস্তানি তালেবান (টিটিপি) সদস্যদের তিনটি আস্তানায় নিখুঁতভাবে হামলা চালানো হয়েছে। এসব স্থাপনায় টিটিপির নিরাপদ আশ্রয়স্থল ও ঘাঁটি ছিল বলে দাবি পাকিস্তানের। তবে এ বিষয়ে আফগানিস্তান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব হামলার জন্য পাকিস্তানি তালেবান (টিটিপি) এবং তাদের সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে ইসলামাবাদ।
টিটিপি আফগান তালেবান থেকে পৃথক একটি সংগঠন হলেও দুই পক্ষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর সীমান্ত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, সর্বশেষ এই আন্তঃসীমান্ত হামলার ফলে ইসলামাবাদ ও কাবুলের মধ্যকার উত্তেজনা আরও বাড়তে পারে।
করাচি হামলার পর অভিযান
করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে অস্ত্র ও বিস্ফোরক নিয়ে হামলার একদিন পরই সীমান্তে এই সামরিক অভিযান চালানো হয়। ওই হামলায় তিন পাকিস্তানি সেনা নিহত হন। পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে তিন হামলাকারী নিহত এবং একজন আহত অবস্থায় গ্রেপ্তার হন। পাকিস্তানি সামরিক বাহিনীর দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তি একজন আফগান নাগরিক।
শনিবার রাতে জামাত-উল-আহরার নামে একটি গোষ্ঠী করাচি হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি পাকিস্তানি তালেবান (টিটিপি)-এর একটি বিচ্ছিন্ন অংশ হিসেবে পরিচিত।
বাড়ছে সীমান্ত উত্তেজনা
গত তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানে এটি পাকিস্তানের দ্বিতীয় বিমান হামলা। এর আগে ফেব্রুয়ারি মাস থেকে দুই দেশের মধ্যে দফায় দফায় সামরিক সংঘর্ষ চলছে। পাকিস্তানের বিমান হামলার জবাবে আফগানিস্তানও পাল্টা হামলা চালিয়েছিল। এরপর থেকে সীমান্ত সংঘাতে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে।
পাকিস্তানের অভিযোগ, আফগান তালেবান সরকার টিটিপিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে এবং তারাই পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে কাবুল বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
সূত্র: আল-জাজিরা

