জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’। শনিবার সকাল সোয়া ১০টার দিকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রক্তাক্ত জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এ জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘সবার আগে বাংলাদেশ’। মঞ্চের ব্যানারে লেখা রয়েছে, ‘গর্বিত ইতিহাস, অদম্য চেতনা—৪ জুলাইয়ের এই দিনে হোক সবার অনুপ্রেরণা, যে আত্মত্যাগ ইতিহাসকে বদলে দিয়েছে।’
জাতীয় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
‘জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সম্মেলনের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরাও উপস্থিত রয়েছেন। জাতীয় সংগীত পরিবেশনের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০২৪ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন পরবর্তীতে সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয়। ৩৬ দিনের আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন।
আন্দোলনের সময় ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। তাঁকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ হিসেবে উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটে।

