মেক্সিকোর বিদায়, ৫ গোলের থ্রিলার জিতে কোয়ার্টারে ১০ জনের ইংল্যান্ড
রোমাঞ্চে ভরা এক ম্যাচে স্বাগতিক মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ম্যাচের শেষ ৩৬ মিনিটের বেশি সময় ১০ জন নিয়ে খেলেও জয় ধরে রাখে থমাস টুখেলের দল।
মেক্সিকো সিটি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। ম্যাচের ৩৬ ও ৩৮ মিনিটে জোড়া গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন জুড বেলিংহ্যাম।
তবে বিরতির ঠিক আগে জুলিয়ান কিনোনেসের দারুণ এক ভলিতে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরে স্বাগতিক মেক্সিকো। ২-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। ভিএআর পর্যালোচনার পর জেসুস গায়ার্দোর ওপর বিপজ্জনক ট্যাকলের দায়ে ইংল্যান্ডের ডিফেন্ডার জ্যারেল কোয়ানসাহকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফলে বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় ইংল্যান্ডকে।
তবে একজন কম নিয়েও ৬০তম মিনিটে ব্যবধান আবার বাড়ায় থ্রি লায়ন্স। অ্যান্থনি গর্ডনকে বক্সের ভেতর ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড। স্পট-কিক থেকে নিখুঁত শটে গোল করেন অধিনায়ক হ্যারি কেইন।
এর কিছুক্ষণ পর ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় মেক্সিকোও। বক্সে হ্যান্ডবলের দায়ে হ্যারি কেইনের বিরুদ্ধে সিদ্ধান্ত দিলে ১২ গজ থেকে সফল স্পট-কিকে ব্যবধান ৩-২ করেন রাউল হিমেনেস।
শেষ দিকে সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ চালায় মেক্সিকো। তবে ইংল্যান্ডের রক্ষণভাগ এবং গোলরক্ষক জর্ডান পিকফোর্ড দৃঢ়তায় সব চেষ্টা ব্যর্থ করে দেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড।
এই হারের মধ্য দিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় স্বাগতিক মেক্সিকোর।
অন্যদিকে, মেক্সিকো সিটি স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে শেষ আটে জায়গা করে নেয় ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে থমাস টুখেলের দলের প্রতিপক্ষ হবে আর্লিং হালান্ডের নরওয়ে।

