বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি ১৭ মিনিট, জানাল ফিফা
স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে জল্পনার অবসান ঘটিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের হাফটাইম বিরতি ১৭ মিনিটের বেশি হবে না।
ফিফার তথ্য অনুযায়ী, প্রচলিত ১৫ মিনিটের বিরতির সঙ্গে অতিরিক্ত মাত্র দুই মিনিট যোগ করা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে স্পেন ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
হাফটাইমের ১৭ মিনিটের মধ্যে ১১ মিনিটজুড়ে থাকবে জমকালো সঙ্গীত পরিবেশনা। এতে অংশ নেবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার।
বাকি প্রায় ৬ মিনিট ব্যবহার করা হবে মঞ্চ স্থাপন ও অপসারণের কাজে। একই সঙ্গে মাঠে পানি ছিটিয়ে ঘাসের মান ঠিক রাখার কাজও এ সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে।
মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত আগের কয়েকটি ম্যাচে মাঠের ঘাস কিছুটা শুষ্ক ও ধীরগতির ছিল বলে অভিযোগ ওঠে। বিশেষ করে স্পেন এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। সে কারণে বিরতির সময় মাঠের অবস্থা উন্নত করতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, একাধিক শিল্পীর পরিবেশনার কারণে ফাইনালের হাফটাইম ২৫ মিনিট বা তারও বেশি হতে পারে। তবে ফিফা স্পষ্ট জানিয়েছে, এমন কোনো পরিকল্পনা নেই এবং পুরো বিরতি ১৭ মিনিটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
অন্যদিকে, ম্যাচের হাইড্রেশন ব্রেক বা পানি পানের বিরতিতে কোনো পরিবর্তন আনা হয়নি। যুক্তরাষ্ট্রের তীব্র গরমের কারণে এবারের বিশ্বকাপে প্রতি অর্ধে একটি করে দুটি হাইড্রেশন ব্রেক রাখা হয়েছে। ফাইনালেও একই নিয়ম বহাল থাকবে।

