শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করছে ভারত: রণধীর জয়সওয়াল
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারতের সরকার পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
শুক্রবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে অনুষ্ঠিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা ও অন্য অভিযুক্তদের প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশ আবারও ভারতকে অনুরোধ করেছে কি না এবং এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছে ভারত এবং সেটি বর্তমানে দেশটির অভ্যন্তরীণ ও বিচারিক প্রক্রিয়ার আওতায় পরীক্ষা করা হচ্ছে।
তিনি বলেন, প্রত্যর্পণের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং প্রতিটি ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আইন ও দ্বিপক্ষীয় চুক্তির বিধান অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়। শেখ হাসিনার ক্ষেত্রেও ভারতের প্রচলিত আইন ও বাংলাদেশ-ভারতের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আলোকে বিষয়টি বিবেচনা করা হবে।
তবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে কোনো সময়সীমা বা সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করতে রাজি হননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।
ব্রিফিংয়ে বাংলাদেশের আরেকটি প্রত্যর্পণ অনুরোধ নিয়েও প্রশ্ন করা হয়। সাংবাদিকের দাবি, নির্বাচনের আগে এক বাংলাদেশি রাজনীতিককে হত্যার অভিযোগে অভিযুক্ত একজনকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে ফেরত চেয়ে বাংলাদেশ প্রয়োজনীয় নথিপত্র পাঠিয়েছে।
এ বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, ওই নির্দিষ্ট ঘটনার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তবে তিনি পুনর্ব্যক্ত করেন, যেকোনো প্রত্যর্পণ অনুরোধ ভারতের বিচারিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক আইনের আলোকে নিষ্পত্তি করা হয়।

