৫০ পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন সালমান খান
বলিউড সুপারস্টার সালমান খান অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে আবারও আলোচনায় এসেছেন। মুম্বাইয়ের বস্তি পুনর্বাসন প্রকল্পের আওতায় ৫০টির বেশি সুবিধাভোগী পরিবারের হাতে নতুন স্থায়ী বাড়ির চাবি তুলে দিয়েছেন তিনি।
শুক্রবার (১৮ জুলাই) রাতে মুম্বাইয়ের স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ) কার্যালয় পরিদর্শনে যান সালমান খান। এ সময় তিনি সংস্থাটির নতুন ডেটা সংগ্রহ ও যাচাইকরণ সহায়তা কেন্দ্র এবং আধুনিক আইটি সার্ভার রুমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে এসআরএর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মহেন্দ্র কল্যাণকর উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতেই পুনর্বাসন প্রকল্পের ৫০ জনের বেশি সুবিধাভোগীর হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন সালমান। দীর্ঘ প্রতীক্ষার পর স্থায়ী আবাসনের চাবি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপকারভোগীরা।
এ সময় এসআরএর প্রকাশিত নতুন কফি টেবিল বুকের মোড়কও উন্মোচন করেন এই অভিনেতা। বইটিতে সংস্থার উন্নয়নমূলক কর্মকাণ্ড, সফল পুনর্বাসনের গল্প, উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
এসআরএর দাবি, নতুন আইটি সার্ভার রুম চালু হওয়ায় সংস্থার ডিজিটাল সেবা আরও নিরাপদ, স্বচ্ছ ও কার্যকর হবে। পাশাপাশি ই-গভর্ন্যান্স কার্যক্রমের গতি বাড়বে এবং নাগরিক সেবার মান উন্নত হবে।
সফরকালে সালমান খানকে সংস্থার চলমান পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। তিনি এ উদ্যোগের প্রশংসা করেন। আয়োজকদের মতে, তার অংশগ্রহণ পুনর্বাসন কার্যক্রমকে আরও উৎসাহিত করবে এবং সরকারের এ উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।
এদিকে কাজের ব্যস্ততাও কম নয় সালমান খানের। বর্তমানে তিনি নতুন চলচ্চিত্র ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’–এর মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি আরও কয়েকটি নতুন প্রকল্পের কাজ করছেন, যেগুলোর আনুষ্ঠানিক ঘোষণা আগামী কয়েক মাসের মধ্যে আসতে পারে।

