জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করবে বিএনপি: মির্জা ফখরুল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:১৫ অপরাহন, জুলই ১৯, ২০২৬

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি, সেগুলো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে নিজ নিজ নির্বাচনি ইশতেহার অনুযায়ী বাস্তবায়নের সুযোগ রাখা হয়েছে। বিএনপি সেই প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করবে।

রোববার (১৯ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান।

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে একটি মহল অযথা বিভ্রান্তি সৃষ্টি করছে। এ বিতর্কের অবসান হওয়া প্রয়োজন। তিনি বিরোধী দলগুলোর প্রতি সংবিধান সংশোধন কমিটিতে এসে আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করার আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়; এটি একটি উদারপন্থি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলটি নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে এবং সেই প্রক্রিয়াতেই জনগণের কল্যাণে কাজ করতে চায়।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, গত ১৫ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে এবং নানা ধরনের লুটপাট, ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ড ঘটেছে। অল্প সময়ে সেই ক্ষতি পূরণ সম্ভব না হলেও রাষ্ট্র পুনর্গঠনের কাজ শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সিদ্ধান্তকে ফ্যাসিবাদের সূচনা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সময় ধরে একদলীয় শাসনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গণতান্ত্রিক শক্তির ওপর বিএনপির আস্থা রয়েছে এবং সম্মিলিত প্রচেষ্টায় রাষ্ট্রকে পুনর্গঠন করা সম্ভব হবে।

Nagad

তিনি আরও দাবি করেন, গত ১৫ বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং ইলিয়াস আলীসহ প্রায় ১ হাজার ৭০০ জন গুমের শিকার হয়েছেন।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত পাঁচ সাংবাদিকের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট ও এক লাখ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন।