ইন্টারনেট গভর্ন্যান্স ও এআই গবেষণায় এআইইউবি-বিআইজিএফের সমঝোতা

ইন্টারনেট গভর্ন্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অন্যান্য উদীয়মান ডিজিটাল প্রযুক্তি বিষয়ে গবেষণা, নীতিগত সংলাপ, প্রশিক্ষণ ও জনসম্পৃক্ততা জোরদার করতে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (বিআইজিএফ) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এআইইউবি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এআইইউবির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে এবং বিআইজিএফের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় গবেষণা, নীতিগত অ্যাডভোকেসি, জ্ঞান বিনিময়, প্রশিক্ষণ, জনসচেতনতামূলক কার্যক্রম এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইন্টারনেট গভর্ন্যান্স ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক বিভিন্ন উদ্যোগে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, এ সমঝোতা শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য ইন্টারনেট গভর্ন্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল নীতিমালা বিষয়ে আন্তর্জাতিক পরিসরে সম্পৃক্ত হওয়ার নতুন সুযোগ তৈরি করবে।

বিআইজিএফের প্রতিনিধিরা বলেন, অন্তর্ভুক্তিমূলক, অধিকারভিত্তিক ও টেকসই ডিজিটাল শাসনব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়, সরকার, বেসরকারি খাত, গণমাধ্যম এবং নাগরিক সমাজের সমন্বিত অংশগ্রহণ অপরিহার্য।

অনুষ্ঠানে এআইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এ. জে. এম. শফিউল আলম ভূঁইয়া, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম, সহযোগী ডিন ড. ফারিয়া সুলতানা, বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিআইজিএফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Nagad