বস্ত্রখাতের সংকট নিরসনে কমিটি গঠন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিটিএমএ
দেশের বস্ত্রখাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীকে নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাতটির বিদ্যমান সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
তিনি বলেন, বস্ত্রখাতের সমস্যাগুলো দীর্ঘদিনের এবং অতীতের কোনো সরকারই সেগুলোর কার্যকর সমাধান করতে পারেনি। তবে বর্তমান সরকার আন্তরিকভাবে উদ্যোগ নিয়েছে।
শওকত আজিজ জানান, প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়ন শুরু হলেও পুরো সমস্যার সমাধান হতে আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে। এ সময় উদ্যোক্তারা সরকারকে সহযোগিতা করবেন বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে গ্যাস ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি বস্ত্রখাতের আর্থিক সমস্যাও গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান বিটিএমএ সভাপতি। তিনি বলেন, সরকার ইতোমধ্যে খাতটির জন্য ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে এবং গঠিত কমিটি আগামী সপ্তাহেই পরবর্তী বৈঠকে বসবে।
তিনি আরও বলেন, বন্ধ ও অর্ধ-বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করা গেলে প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে এজন্য আন্তর্জাতিক বাজারে ডাম্পিংয়ের মতো প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

