নীতি সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক, রেপো রেট এখন ৯.৫০ শতাংশ
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘদিনের কড়াকড়ি অবস্থান থেকে কিছুটা সরে এসে নীতি সুদহার (রেপো রেট) ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রেপো রেট ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এছাড়া স্ট্যান্ডিং লেন্ডিং ফেসিলিটি (এসএলএফ) রেট ১১ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে। তবে স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি (এসডিএফ) রেট ৭ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট (এমপিডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও মনিটারি পলিসি কমিটির (এমপিসি) সভাপতি মো. মোস্তাকুর রহমান এফসিএমএর সভাপতিত্বে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম সভায় দেশের মূল্যস্ফীতি, বেসরকারি খাতে ঋণপ্রবাহ, বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং বৈদেশিক লেনদেনসহ বিভিন্ন সামষ্টিক অর্থনৈতিক সূচক পর্যালোচনা করা হয়।
পর্যালোচনা শেষে কমিটি নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা হিসেবে ব্যবহৃত এসএলএফ রেটও ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। তবে করিডোরের নিম্নসীমা হিসেবে ব্যবহৃত এসডিএফ রেটে কোনো পরিবর্তন আনা হয়নি।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সুদহার কাঠামো আগামী ২ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে।
সভায় ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আক্তার হোসেন, নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর মহাপরিচালক ড. এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. ফিরদৌসি নাহার এবং ইনস্টিটিউট অব ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইএনএম)-এর নির্বাহী পরিচালক ড. মুস্তফা কামাল মুজেরী উপস্থিত ছিলেন।

