নীতি সুদহার ৭ শতাংশে নামানো উচিত: রাশেদ তিতুমীর
ব্যাংক ঋণের সুদহার কমানো ও বিনিয়োগ বাড়াতে নীতি সুদহার বা রেপো রেট ৯ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশে নামানো উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তবে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটিকে এ বিষয়ে সরকার কোনো নির্দেশনা দিতে পারে না বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর হোটেল আমারিতে ‘ব্যাংকিংয়ে নৈতিকতা: জবাবদিহিতা ও আস্থা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ তিতুমীর বলেন, “আমরা রাজনৈতিকভাবে অবশ্যই মনে করি, বাংলাদেশের রেপো রেট ৭ শতাংশে আসা দরকার। এখনো মনে করি, ৯ দশমিক ৫ শতাংশ রেপো রেট ঠিক নয়। তবে আমরা বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটিকে নির্দেশ দিতে পারি না। বিনিয়োগের স্বার্থে সুদের হার কমিয়ে আনার আহ্বান জানাচ্ছি।”
তিনি বলেন, রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয়ে সরকার কাজ করছে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রতি প্রান্তিকে সমন্বয় সভা হওয়া প্রয়োজন।
আগের সরকারের আমলে ব্যাংক খাতে পরিবারতন্ত্র, গোষ্ঠীতন্ত্র ও রাজনৈতিক প্রভাব একাকার হয়ে যাওয়ায় পেশাদারত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ব্যাংক ব্যবস্থাপনায় অনিয়মের কারণে সংকট তৈরি হয়েছে উল্লেখ করে তিতুমীর বলেন, একজন প্রধান নির্বাহীকে নিয়োগ দেওয়া হলেও তাঁকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি।
ব্যাংক খাতের প্রকৃত তথ্য প্রকাশের ওপর গুরুত্ব দিয়ে তিতুমীর বলেন, খেলাপি ঋণের প্রকৃত চিত্র আড়াল করা যাবে না। ২০২৫ সালের সেপ্টেম্বরে খেলাপি ঋণের হার ছিল ৩৫ দশমিক ৭৩ শতাংশ। বর্তমানে তা কমে ৩২ দশমিক ২৬ শতাংশে নেমেছে। এটিকে উন্নতির লক্ষণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ব্যাংক খাত পুনর্গঠনে আরও সময় ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
চার বছরের সংস্কার কর্মসূচি
ব্যাংক খাত পুনর্গঠনে সরকারের চার বছরের কর্মসূচি রয়েছে জানিয়ে তিতুমীর বলেন, দুর্বল ব্যাংকগুলোর সম্পদের গুণগত মান যাচাই বা অ্যাসেট কোয়ালিটি রিভিউয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ব্যাংকভিত্তিক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা, পুনঃমূলধন, সুশাসন প্রতিষ্ঠা এবং খেলাপি ঋণ কমানোর উদ্যোগ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
ব্যাংক রেজল্যুশন আইন ও আমানত সুরক্ষা আইন প্রণয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, আমানত সুরক্ষার আওতায় জনপ্রতি বিমা করা আমানতের সীমা এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন সংশোধন, অর্থঋণ আদালত আইন ও দুর্দশাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনা আইন প্রণয়নের কাজ চলছে।
ব্যাংক খাতে প্রায় ৮০ বিলিয়ন ডলার বা ৮ হাজার কোটি ডলার পুনঃমূলধনের প্রয়োজন, যা মোট দেশজ উৎপাদনের প্রায় ১১ শতাংশ বলে জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা এবং ঋণ বিতরণে উদ্যোক্তা ও পরিচালকদের জবাবদিহি বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
নৈতিকতা ছাড়া আস্থা ফিরবে না
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মুস্তফা কে মুজেরী। তিনি বলেন, ব্যাংকিং ব্যবস্থার ভিত্তি আমানতকারীদের আস্থা। এ আস্থা টেকসই করতে নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতি গড়ে তুলতে হবে।
রাজনৈতিক যোগাযোগ, ব্যক্তিগত সম্পর্ক ও স্বার্থের সংঘাত ঋণ বিতরণে পক্ষপাত তৈরি করে ব্যাংকের সম্পদের মান নষ্ট করছে উল্লেখ করে তিনি বলেন, জালিয়াতি, হিসাবের কারসাজি ও গ্রাহকের তথ্যের অপব্যবহার ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন করে।
ইচ্ছাকৃত ঋণখেলাপিদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রকৃত সংকটে পড়া ঋণগ্রহীতাদের জন্য স্বচ্ছ ও নিয়মভিত্তিক পুনঃতফসিলের সুযোগ থাকা প্রয়োজন। প্রভাবশালী ঋণগ্রহীতাদের বিশেষ সুবিধা দেওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে।
ছয় মাসের কর্মপরিকল্পনা প্রকাশের দাবি
সাবেক অর্থসচিব ও সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, ব্যাংক খাতের সমস্যা চিহ্নিত হয়েছে এবং বিভিন্ন সংস্কার প্রস্তাবও রয়েছে। এখন নতুন করে সমস্যা চিহ্নিত করার চেয়ে সেগুলো বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, আগামী তিন থেকে ছয় মাসে ব্যাংক খাত পুনরুদ্ধারে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ করা উচিত। এতে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা স্পষ্ট থাকতে হবে এবং জনগণের সামনে অগ্রগতি মূল্যায়নের সুযোগ তৈরি করতে হবে।
ব্যাংক খাতে খেলাপি ঋণের প্রকৃত চিত্র আরও বিস্তৃত উল্লেখ করে তিনি বলেন, রাইট-অফ, ঝুলে থাকা মামলা ও দুর্দশাগ্রস্ত সম্পদের হিসাব করলে প্রায় ৫০ শতাংশ অর্থ ব্যাংকিং ব্যবস্থায় নেই। এসব তথ্য আলাদাভাবে প্রকাশ করা প্রয়োজন।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পুনর্গঠনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, প্রয়োজনে একীভূতকরণের মাধ্যমে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনা যেতে পারে। ব্যাংকগুলোর আর্থিক অবস্থার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে অ্যাসেট কোয়ালিটি রিভিউ এবং পুঁজিবাজারে তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া উচিত।
নৈতিকতা প্রসঙ্গে তিনি বলেন, নৈতিকতা শুধু কথায় প্রতিষ্ঠিত হবে না, জবাবদিহি ও বাধ্যবাধকতা নিশ্চিত করতে হবে।
দুই-তৃতীয়াংশ ব্যাংকের ওপর আস্থা নেই
প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, দেশের প্রায় দুই-তৃতীয়াংশ ব্যাংকের ওপর মানুষের আস্থা দুর্বল। ব্যাংকের প্রকৃত মালিক আমানতকারীরা, উদ্যোক্তা বা পরিচালকরা নন। তাঁদের দায়িত্ব আমানতকারীদের অর্থের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা।
নিজের ব্যাংকের ব্যয় কমানোর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, আগে বছরে ৩৫ কোটি টাকা ব্যয়ে ক্যালেন্ডার ছাপানো হলেও তা কমিয়ে ৩৭ লাখ টাকায় আনা হয়েছে। বার্ষিক প্রতিবেদন ছাপানোর ব্যয় ৩০ কোটি টাকা থেকে কমিয়ে ৪ লাখ ৩৫ হাজার টাকায় নামানো হয়েছে। ব্যাংক পরিচালনায় ব্যয় সাশ্রয়, জবাবদিহি ও নৈতিকতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ব্যাংক খাতের সংস্কারে উদ্যোক্তা ও পরিচালকদের দীর্ঘদিন দায়িত্বে থাকার সুযোগ সীমিত করা এবং একই পরিবারের সদস্যদের প্রভাব কমানো প্রয়োজন।

