অনুমোদিত মূলধন দ্বিগুণ করল ব্যাংক এশিয়া, বেড়ে ৩ হাজার কোটি টাকা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:২৩ অপরাহন, গাস্ট ৪, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসি তাদের অনুমোদিত মূলধন দ্বিগুণ করেছে। ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করা হয়েছে।

এ সংক্রান্ত অনুমোদন দিয়েছে যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, অনুমোদিত মূলধন বৃদ্ধির ফলে ব্যাংকটির অনুমোদিত সাধারণ শেয়ারের সংখ্যা ১৫০ কোটি থেকে বেড়ে ৩০০ কোটিতে উন্নীত হয়েছে। তবে প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য (ফেস ভ্যালু) আগের মতোই ১০ টাকা অপরিবর্তিত রয়েছে।

ব্যাংক এশিয়া জানিয়েছে, অনুমোদিত মূলধন বৃদ্ধির পাশাপাশি কোম্পানির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনের ধারা-৫ এবং আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৬ নম্বর অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে। এসব সংশোধনীও আরজেএসসি অনুমোদন ও প্রত্যয়ন করেছে।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, অনুমোদিত মূলধন বৃদ্ধি ভবিষ্যতে নতুন শেয়ার ইস্যু, ব্যবসা সম্প্রসারণ এবং মূলধন ব্যবস্থাপনায় ব্যাংকটির সক্ষমতা বাড়াবে। তবে এর ফলে বিদ্যমান পরিশোধিত মূলধন বা বর্তমান শেয়ারহোল্ডারদের শেয়ারে তাৎক্ষণিক কোনো পরিবর্তন আসছে না।

এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ব্যাংক এশিয়ার শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে। আলোচ্য সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ১১ পয়সা।

Nagad

অর্থাৎ, এক বছরের ব্যবধানে ব্যাংকটির ইপিএস কমেছে ৩৪ পয়সা বা প্রায় ১৬ শতাংশ।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৮৬ পয়সা। আগের বছরের একই প্রান্তিকে এ মুনাফা ছিল ৯১ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে দ্বিতীয় প্রান্তিকের ইপিএস কমেছে ৫ পয়সা বা প্রায় ৫ শতাংশ।

অন্যদিকে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংক এশিয়ার শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৯২ পয়সা। আর্থিক প্রতিবেদন অনুযায়ী, মূলধন কাঠামো শক্তিশালী করার উদ্যোগ নিলেও চলতি বছরে ব্যাংকটির মুনাফায় কিছুটা চাপের চিত্র দেখা গেছে।