দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স
বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন ‘হট ৭০ প্রো ৫জি’ উন্মোচন করেছে ইনফিনিক্স। পারফরম্যান্স, ক্যামেরা, ডিজাইন ও ব্যাটারিকে গুরুত্ব দিয়ে তৈরি ফোনটিতে রয়েছে ৫জি চিপসেট, সনি ক্যামেরা সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন ফিচার।
ইনফিনিক্স কর্মকর্তারা জানান-ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট। দীর্ঘদিন দ্রুত ও স্মুথ পারফরম্যান্স ধরে রাখতে রয়েছে ইনফিনিক্সের ৭২-মান্থ ফ্লুয়েন্সি প্রযুক্তি। ডিসপ্লে হিসেবে রয়েছে ৬ দশমিক ৭৬ ইঞ্চির এফএইচডি প্লাস প্যানেল, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ।
ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সরের অটোফোকাস ক্যামেরা। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ছবি তোলার ক্ষেত্রে এআই র, লাইভ ফটোসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে।
ডিজাইনে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ‘ডায়নামিক শাইন’ প্রযুক্তি। ছয়টি রঙের ভ্যারিয়েন্টে আলো, তাপমাত্রা ও দেখার অ্যাঙ্গেল পরিবর্তনের সঙ্গে ফোনের পেছনের নকশায় ভিন্নতা দেখা যায়। থার্মো অরেঞ্জ সংস্করণ তাপমাত্রার সঙ্গে রং পরিবর্তন করে। মিরেজ গ্রিন মডেলে ইউভি আলোতে ভিন্ন টেক্সচার দেখা যায়। এছাড়া ডেপথ রিং হোয়াইট মডেলে থ্রিডি ভিজ্যুয়াল ইফেক্ট এবং অ্যাক্টিভ-ম্যাট্রিক্স কিউব মডেলে ইন্টার্যাকটিভ ব্যাক প্যানেল রয়েছে।
টেকসই ব্যবহারের জন্য ফোনটিতে আইপি৬৮ পানি ও ধুলা প্রতিরোধ সুবিধা এবং এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে। দেড় মিটার পর্যন্ত উচ্চতা থেকে পড়ে গেলেও ফোনটি সুরক্ষিত থাকার দাবি করেছে নির্মাতা।
ব্যাটারি হিসেবে রয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। সঙ্গে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং দীর্ঘক্ষণ গেমিং বা ব্যবহারের সময় ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে বাইপাস চার্জিং সুবিধা রয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারের মধ্যে রয়েছে ফ্ল্যাশমেমো, মাইন্ডহাব, এআই সার্চ, এআই স্ক্যান টু সলভ, ফোলাক্স মিউজিক রিকগনিশন, এআই লাইফ অ্যাসিস্ট্যান্ট ও এআই থিম জেনারেটর। এসব সুবিধায় দ্রুত প্রবেশের জন্য ফোনটিতে রয়েছে আলাদা ওয়ান-ট্যাপ বাটন।
ফোনটিতে ৮ জিবি র্যামের সঙ্গে আরও ৮ জিবি ভার্চুয়াল র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে।
বাংলাদেশের বাজারে ইনফিনিক্স হট ৭০ প্রো ৫জি-এর অফিসিয়াল দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা।

