‘মেয়েদের ক্রীড়াঙ্গনে এগিয়ে নিতে দরকার গোড়ামিমুক্ত নিরাপদ পরিবেশ’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:২০ অপরাহন, গাস্ট ১২, ২০২৬

ক্রীড়াঙ্গনে মেয়েদের এগিয়ে নিতে শুধু প্রতিযোগিতার আয়োজন করলেই হবে না, তাদের জন্য নিরাপদ ও গোড়ামিমুক্ত পরিবেশ, নিয়মিত প্রশিক্ষণ, প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম এবং পরিবারের আস্থা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান মেয়েদের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনা বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার অন্যতম লক্ষ্য।

বুধবার (১২ আগস্ট) রংপুরে ক্রীড়াঙ্গন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সফরকালে সারওয়াত সিরাজ শুক্লা রংপুর বিভাগীয় মহিলা কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে রংপুর জেলা সার্কিট হাউজে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় রংপুর অঞ্চলে নারী ক্রীড়ার বর্তমান অবস্থা, খেলোয়াড়দের প্রশিক্ষণ, ক্রীড়া অবকাঠামো, প্রয়োজনীয় সরঞ্জাম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, আর্থিক অসচ্ছলতা, রক্ষণশীলতা, নিরাপত্তার অভাব, বাল্যবিবাহ ও প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জামের সংকটের কারণে মফস্বল ও প্রত্যন্ত অঞ্চলের অনেক মেয়ে খেলাধুলায় নিয়মিত অংশ নিতে পারে না। এসব প্রতিবন্ধকতা দূর করে মেয়েদের খেলাধুলার সুযোগ বাড়াতে হবে।

Nagad

তারা আরও বলেন, মেয়েরা ক্রীড়াকে পেশা হিসেবে নিলে পরিবারকে তাদের পাশে দাঁড়াতে হবে। খেলাধুলার মাধ্যমে ভবিষ্যতে আয় ও সম্মানজনক ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে—এমন আস্থা পরিবার ও সমাজের মধ্যে তৈরি করা জরুরি।

ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, ‘মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে হলে সামাজিক ও পারিবারিক প্রতিবন্ধকতাগুলো দূর করার পাশাপাশি তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। আমরা চাই, একজন মেয়ে খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে নয়, ভবিষ্যৎ পেশা ও ক্যারিয়ার হিসেবেও বেছে নেওয়ার সুযোগ পাক।’

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান নারী খেলোয়াড় খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় পর্ব, চলমান প্রাইম মিনিস্টার’স কাপসহ বিভিন্ন প্রতিযোগিতায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন সভায় অংশ নেওয়া বক্তারা।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলম, অবসরপ্রাপ্ত খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, কোচ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শরীরচর্চা শিক্ষকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শারমিন আক্তার রত্নাসহ অ্যাডহক কমিটির সদস্যরাও সভায় অংশ নেন।

এর আগে সকালে মহিলা ক্রীড়া সংস্থার একটি দল রংপুর বিভাগীয় মহিলা কমপ্লেক্স পরিদর্শন করে। কমপ্লেক্সটির বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে দেখে এটিকে রংপুরের নিয়মিত খেলাধুলার কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরে বিকেলে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী। এ সময় তিনি কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন