গ্যাস সংকট সমাধানে ‘জাদু’ নেই, সময় লাগবে: অর্থমন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৪৭ অপরাহন, গাস্ট ১৬, ২০২৬

ফাইল ছবি

চলমান গ্যাস সংকট দ্রুত সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে নতুন গ্যাস পেতে অন্তত দেড় থেকে দুই বছর সময় লাগতে পারে।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গ্যাস সংকট কবে নাগাদ স্বাভাবিক হবে—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের হাতে তো কোনো জাদু নেই।’ গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রক্রিয়াটি শেষ করে গ্যাস পাওয়া পর্যন্ত কমপক্ষে দেড় থেকে দুই বছর সময় লাগবে। তিনি বলেন, ‘এটা দ্রুত ঘটতে যাচ্ছে না। খুব শিগগির হয়ে যাবে—এমন কথা বলা নিরর্থক। কারণ, চাইলেই এটি করে ফেলা সম্ভব নয়।’

অর্থমন্ত্রী বলেন, গ্যাসের অভাবে শিল্পকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারছেন না। ফলে চলমান সংকট ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি দেশের অর্থনীতিতেও বড় ধরনের ক্ষতি করছে। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত আমাদের এই পরিস্থিতি সহ্য করতে হবে। আমি জানি, এটি ব্যবসায়ী ও ব্যবসাগুলোর জন্য অনেক বড় ক্ষতির কারণ হচ্ছে। দেশের অর্থনীতির জন্যও এটি মারাত্মক ক্ষতি বয়ে আনছে।’

গ্যাসের ঘাটতি মোকাবিলায় ফুলবাড়ীসহ বিভিন্ন এলাকায় খোলামুখে কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের কাছে আর কোনো বিকল্প নেই।’

এ সময় দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিষয়ে একটি পূর্ণাঙ্গ নীতিমালা ঘোষণা করা হবে।

Nagad

অর্থমন্ত্রী বলেন, খণ্ড খণ্ড বা আংশিক তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার কোনো অর্থ নেই। তাই কত সময় লাগবে এবং ভবিষ্যৎ পরিস্থিতি কী হতে পারে-এসব বিষয় স্পষ্ট করে একটি পূর্ণাঙ্গ নীতিমালা দেওয়া হবে। তিনি বলেন, ‘এটি আগামীকাল বা খুব শিগগির হতে যাচ্ছে না। মানুষকে বিষয়টি বুঝতে হবে এবং সেই অনুযায়ী ভবিষ্যতের পরিকল্পনা করতে হবে।’