দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্, গাস্ট ১৮, ২০২৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে।

সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। দুদক আইন অনুযায়ী, তারা পাঁচ বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’-এর ধারা ৬-এর উপধারা (১) অনুযায়ী বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই আইনের ধারা ৫-এর উপধারা (১) অনুযায়ী বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সমান পদমর্যাদা, বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। অন্যদিকে দুই কমিশনার হাইকোর্ট বিভাগের বিচারকের সমান পদমর্যাদা, বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

এর আগে গত ৩ মার্চ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ পদত্যাগ করেন।

Nagad

পরে ২২ জুন দুদকের চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের সুপারিশ দিতে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে বাছাই কমিটি গঠন করা হয়।

দুদক আইন অনুযায়ী, কমিশন তিনজন কমিশনারের সমন্বয়ে গঠিত হয়। তাদের মধ্য থেকে একজন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। কমিশনারদের মেয়াদ পাঁচ বছর।