শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৫৮ অপরাহন, গাস্ট ১৮, ২০২৬

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না জানিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত তার পদত্যাগপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা হয়নি।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পিএসসি চেয়ারম্যান তাকে ডেকে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মঙ্গলবার অপরাহ্নে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা রয়েছে।

পদত্যাগের কারণ জানতে চাইলে এস এম মতিউর রহমান বলেন, চেয়ারম্যান শারীরিকভাবে অসুস্থ। এ অবস্থায় দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয়। এ কারণেই তিনি অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে পিএসসির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অধ্যাপক মোবাশ্বের মোনেমকে সম্প্রতি পদ থেকে সরে যাওয়ার বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছিল বলে আলোচনা রয়েছে। এছাড়া তার নেতৃত্বাধীন কমিশন পিএসসির পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল। এটিকেও সরকারের পক্ষ থেকে ইতিবাচকভাবে দেখা হয়নি বলে দাবি ওই সদস্যের।

অধ্যাপক মোবাশ্বের মোনেম ২০২৪ সালের অক্টোবর মাসে পিএসসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ছিলেন তিনি।

Nagad