বিয়ে নিয়ে গুজব, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পূজা চেরির

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৩০ অপরাহন, গাস্ট ১৮, ২০২৬

বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক বিভ্রান্তিকর খবর প্রকাশের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরি। যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার নাম জড়িয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হচ্ছে দাবি করে এমন কর্মকাণ্ড বন্ধ না হলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন পূজা।

পূজা জানান, তিনি আগে একটি সাক্ষাৎকারে স্পষ্ট করেছিলেন যে তিনি বাগদান করেছেন এবং পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হয়েছে। তবে এখনো তার বিয়ে হয়নি। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তিনি নিজেই তা সবাইকে জানাবেন বলেও জানান।

নিজের বর্তমান কাজের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তিনি বর্তমানে নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই তাকে ক্যামেরার সামনে কম দেখা যাচ্ছে।

যাচাই ছাড়া তার ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশের সমালোচনা করে পূজা বলেন, বারবার তার সঙ্গে বিভিন্ন ব্যক্তির নাম জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশ করা হচ্ছে। এ ধরনের খবরের পেছনে উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও সুনামের অধিকার তুলে ধরে পূজা বলেন, অনুমতি ছাড়া ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ এবং কোনো নাগরিকের বিষয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার আইনত দণ্ডনীয়। এ ক্ষেত্রে বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদের কথাও উল্লেখ করেন তিনি।

Nagad

সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের আহ্বান জানিয়ে পূজা বলেন, তার নীরবতাকে ভিত্তিহীন সংবাদ প্রকাশের সুযোগ হিসেবে নেওয়া হলে নিজের আইনি অধিকার রক্ষায় তিনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

সবশেষে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমার এখনো বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’