প্রতিপক্ষকে চড় মারায় মেসিকে জরিমানা
প্রতিপক্ষ ফুটবলারের ঘাড়ের পেছনে চড় মারার ঘটনায় ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে জরিমানা করেছে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ। একই ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনায় মায়ামির ইয়ান ফ্রেকেও জরিমানা করা হয়েছে।
তবে দুই ফুটবলারকে কত অর্থ জরিমানা করা হয়েছে, তা প্রকাশ করেনি এমএলএস।
ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে এ ঘটনা ঘটে। ম্যাচের একপর্যায়ে ফিলাডেলফিয়ার কুইন সালিভানের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন মেসি। এ সময় সালিভানের ঘাড়ের পেছনে হাত দিয়ে চড় মারেন তিনি।
ওই ম্যাচেই বাবা হোর্হে মেসির মৃত্যুর পর নিজের প্রথম গোল করেন আর্জেন্টাইন তারকা। পাশাপাশি একটি গোলেও সহায়তা করেন তিনি।
ফ্রের জরিমানার ঘটনাতেও জড়িত ছিলেন কুইন সালিভান। পেনাল্টি এলাকার ভেতরে বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে যান সালিভান। এ সময় ইয়ান ফ্রের সঙ্গে তার ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে ফ্রে সালিভানের ঘাড় ধরে ফেলেন। পরে উঠে দাঁড়িয়ে ফ্রেকে ট্যাকল করেন সালিভান।
ম্যাচের শেষদিকে বলের বাইরে সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনায় মায়ামির ইয়ানিক ব্রাইট এবং কুইন সালিভানের ভাই ক্যাভান সালিভানকে লাল কার্ড দেখানো হয়।
তবে পরে ক্যাভান সালিভানের লাল কার্ড এবং এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় এমএলএস কর্তৃপক্ষ। স্বাধীন পর্যালোচনা কমিটি সর্বসম্মতভাবে শাস্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়।
এদিকে আটলান্টা ইউনাইটেডের কাছে ২-১ গোলে হারা ম্যাচের দ্বিতীয়ার্ধে অতিরঞ্জিতভাবে পড়ে যাওয়ার অভিযোগে মিনেসোটা ইউনাইটেডের রক্ষণভাগের খেলোয়াড় অ্যান্থনি মার্কানিচকেও জরিমানা করেছে এমএলএস।

