ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৪৬ অপরাহন, গাস্ট ২৫, ২০২৬

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জোরদার করা হয়েছে সাইবার পেট্রোলিংও।

মঙ্গলবার (২৫ আগস্ট) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, অর্থাৎ ২৬ আগস্ট পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। দিবসটি উপলক্ষ্যে সারাদেশে ইবাদত-বন্দেগি, সালাত, জিকিরসহ বিভিন্ন ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে।

এসব অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে র‌্যাব অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। দেশের বিভিন্ন স্থানে নিয়মিত টহল জোরদার এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির জন্য পর্যাপ্তসংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

র‌্যাব জানায়, প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। বিভিন্ন অনুষ্ঠানস্থলে পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েনের পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আগে থেকেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া স্থানীয় মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতা ও নাগরিক নিরাপত্তা কমিটির সদস্যদেরও নিরাপত্তা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।

Nagad

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো স্বার্থান্বেষী মহল বা গোষ্ঠীর হামলা, নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। বিতর্কিত ও উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটে, সেদিকেও সতর্ক নজর রাখা হচ্ছে।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী তথ্য, গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি শনাক্তে চলমান সাইবার পেট্রোলিংও বিশেষভাবে জোরদার করা হয়েছে।

র‌্যাব ফোর্সেস শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যক্রম নজরে এলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

জনসচেতনতা ও সবার সহযোগিতায় দিবসটির সব আয়োজন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছে র‌্যাব।