এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্, গাস্ট ২৬, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে রাজধানীর গুলশান থানা পুলিশ। ২০০৮ সালে দায়ের করা একটি প্রতারণা মামলায় আদালতের দেওয়া সাজা ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গুলশানের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় প্রতারণার মামলাটি করা হয়েছিল। মামলার বিচার শেষে বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় গত ২০ মে বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার বারিধারায় একটি ফ্ল্যাট কেনার জন্য বিদিশার সঙ্গে যোগাযোগ করেন। ২০০১ সালে প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির জন্য ৮০ লাখ টাকায় চুক্তি হয়। পরে বিদিশার মনোনীত ব্যক্তি ও বন্ধু আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দেওয়া হয় এবং উভয়ের মধ্যে বায়নানামা সম্পাদিত হয়।

অভিযোগে বলা হয়, পরে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হলে টাকা ফেরতের আশ্বাস দেওয়া হয়। ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি ৭২ লাখ টাকার একটি চেক দেওয়া হলেও ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় সেটি প্রত্যাখ্যাত হয়।

Nagad

বাদীর অভিযোগ, দীর্ঘ সময় পার হলেও তিনি ফ্ল্যাট কিংবা টাকা ফেরত পাননি। মামলায় এ-ও অভিযোগ করা হয় যে, টাকা ফেরত চাওয়ায় তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।