আন্দোলন-সংগ্রামে প্রধান অনুপ্রেরণা ছিলেন নজরুল: রিজভী
যে কোনো আন্দোলন ও সংগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রধান অনুপ্রেরণা ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, জীবনভর অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছেন কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন যুগান্তরের কবি।
তিনি বলেন, যেকোনো অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন নজরুল। দেশের যেকোনো আন্দোলন-সংগ্রামেও তিনি প্রধান অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা। এখনো দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী মানুষকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শেখায়।

