৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া
মালয়েশিয়া আগামী সেপ্টেম্বর থেকে ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে দুই লাখ শ্রমিক নেওয়া শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সেপ্টেম্বরের শেষ নাগাদ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে আগামী ছয় মাসের মধ্যে দুই লাখ কর্মী পাঠানো হবে বলে মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।
তিনি জানান, দুই লাখ কর্মী মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে যাবেন। এর বাইরে আরও ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় নেওয়া হবে। এ কার্যক্রমও সেপ্টেম্বরের শেষ দিকে পর্যায়ক্রমে শুরু হবে।
এদিকে ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেওয়া হবে না বলেও জানান মীর শাহে আলম। এ বিষয়ে দ্রুত বিধিমালা করা হবে বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী বলেন, দুই ও চার আসনের ই-রিকশা নিবন্ধনের আওতায় আসবে। তবে ছয় আসনের রিকশা নিবন্ধন পাবে না।
মালয়েশিয়ায় এলএনজি সরবরাহের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

