ধ্বংসস্তূপের নিচে তিন দিন, কান্নার শব্দে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:২৫ পূর্বাহ্, গাস্ট ৩১, ২০২৬

সংগৃহীত ছবি

নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ বন্যার ধ্বংসস্তূপের নিচ থেকে তিন দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে ছয় বছরের এক শিশুকে। শুক্রবার সন্ধ্যায় কাদামাটি ও ধ্বংসাবশেষের নিচ থেকে তাকে উদ্ধার করেন নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কাঠমান্ডুর একটি হাসপাতালে নেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে রাসুয়া জেলার তিমুরেতে গ্রামে। ভোতে কোশি নদীর পানি উপচে সম্প্রতি ওই এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু মানুষ নিখোঁজ হন।

উদ্ধারকাজের সময় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা মাটির নিচ থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনতে পান। পরে দ্রুত সেখানে খনন শুরু করলে ধ্বংসস্তূপের নিচে শিশুটির সন্ধান পাওয়া যায়। একপর্যায়ে তাকে নিরাপদে বের করে আনেন উদ্ধারকারীরা।

প্রাথমিকভাবে তিমুরেতে সশস্ত্র পুলিশ বাহিনীর সীমান্ত চৌকিতে শিশুটির চিকিৎসা দেওয়া হয়। তবে পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়। শুক্রবার সন্ধ্যায় তাকে হেলিকপ্টারে করে কাঠমান্ডু নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে তা সম্ভব হয়নি।

পরে শনিবার দুপুরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে হেলিকপ্টারে করে শিশুটিকে কাঠমান্ডুর একটি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

উদ্ধারের পর শিশুটির নাম মানিশা মাগার বলে জানা গেছে। তার পরিবার ও স্বজনদের সন্ধান করছে কর্তৃপক্ষ। শিশুটিকে জীবিত উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। উদ্ধারকারীদের সাহস ও প্রচেষ্টার প্রশংসা করেছেন অনেকে।

Nagad

এদিকে নেপালে ভয়াবহ বন্যার পর উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। দেশটির পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, বন্যার পর পুনর্গঠন ও পুনর্বাসনে কয়েক বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। এ জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন।

নেপালে এখন পর্যন্ত বন্যায় ৭৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।