ভক্তদের সুখবর দিলেন রাশমিকা মান্দানা
দীর্ঘ বিরতির পর কাজে ফেরার সুখবর দিয়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। হিপের চোটের কারণে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে থাকার পর শিগগিরই শুটিংয়ে ফিরছেন তিনি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গৃহবন্দি সময়ের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন রাশমিকা। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটানো, পূজা দেওয়া, পোষা কুকুরের সঙ্গে খেলাধুলা, ধাঁধা মেলানো এবং বাগানে সময় কাটানোর মুহূর্ত দেখা গেছে।
ছবি ও ভিডিওগুলোর কোলাজ শেয়ার করে রাশমিকা লিখেছেন, ‘আমি খুব শিগগিরই আবার কাজে ফিরছি, কিন্তু সত্যি বলতে এই দিনগুলোকে আমি ভীষণ মিস করব।’
আসন্ন সিনেমা ‘মাইসা’র শুটিং করতে গিয়ে হিপে চোট পেয়েছিলেন রাশমিকা। চিকিৎসকের পরামর্শে এরপর তাকে অভিনয় থেকে বিরতিতে থাকতে হয়। চোটের আগে একাধিক সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছিলেন এই অভিনেত্রী।
রাশমিকার আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘মাইসা’। গন্ড উপজাতির পটভূমিতে নির্মিত ইমোশনাল অ্যাকশন থ্রিলার সিনেমাটিতে তাকে একজন সাহসী উপজাতীয় নারীর চরিত্রে দেখা যাবে। চরিত্রটি তার আগের কাজগুলোর তুলনায় বেশ ভিন্ন বলে জানা গেছে।
এ ছাড়া বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে ‘রণবালী’ সিনেমাতেও অভিনয় করছেন রাশমিকা। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত তেলুগু পিরিয়ড ড্রামাটি ব্রিটিশ আমলের ভারতের ইতিহাসের কিছু অজানা অধ্যায়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে। সিনেমাটি আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

