সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় ২৮৪ শতক জমি ও দুটি জিপ গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক পাপন কুমার সাহা জমি ও জিপ গাড়ি জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়, মুজিবুল হক মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ৭ কোটি ৩৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখেন—এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।
দুদকের আবেদনে আরও বলা হয়, তদন্তকালে রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা গেছে, মুজিবুল হক তার নামে থাকা এবং স্বার্থসংশ্লিষ্ট স্থাবর-অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।
মামলা নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা রয়েছে উল্লেখ করে সুষ্ঠু তদন্তের স্বার্থে সম্পদগুলো জব্দ ও ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
গত বছরের ১৭ ফেব্রুয়ারি মুজিবুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

