প্রবাসীদের সমস্যা সমাধানে সংসদে ১০ দফা দাবি, যা বললেন নুর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬ অপরাহন, সেপ্টেম্বর ৬, ২০২৬

ই-পাসপোর্ট জটিলতা, সৌদি আরবে অপহরণ ও নির্যাতন, দালাল চক্রের প্রতারণাসহ প্রবাসীদের নানা সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

প্রবাসীদের কর্মসংস্থানের পাশাপাশি তাদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালি-বিধির ৭১ বিধিতে দেওয়া মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া ‘সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসীদের সমস্যা সমাধান প্রসঙ্গে’ নোটিশটি দেন।

নোটিশে প্রবাসীদের সমস্যা সমাধানে ১০টি বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ই-পাসপোর্ট জটিলতার সমাধান, সৌদি আরবে অপহরণ ও নির্যাতন বন্ধ, দালাল চক্রের প্রতারণা রোধ, দক্ষ জনশক্তি তৈরি, গামকা মেডিকেল পরীক্ষায় অনিয়ম বন্ধ, বিএমইটির দুর্নীতি প্রতিরোধ, অবৈধ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা, অতিরিক্ত অভিবাসন ব্যয় কমানো, দূতাবাস থেকে সরাসরি সহায়তা এবং অসুস্থ ও মৃত প্রবাসীদের সরকারি সহায়তা নিশ্চিত করা।

প্রবাসীদের সমস্যা অস্বীকারের সুযোগ নেই

নোটিশদাতা সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার উদ্যোগের প্রশংসা করে নুরুল হক নুর বলেন, তিনি প্রকৃত অর্থেই প্রবাসীদের সমস্যাগুলো চিহ্নিত করেছেন। এ বিষয়ে তাকে স্টাডি ও গবেষণা করতে হয়েছে।

Nagad

প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের সমস্যাগুলো অস্বীকার করার সুযোগ নেই। তাদের কর্মসংস্থানের পাশাপাশি সামগ্রিক কল্যাণ নিশ্চিত করাকে সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতিতে প্রবাসীদের কর্মসংস্থানের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তাই কর্মসংস্থানের পাশাপাশি তাদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করাও সরকারের বড় অগ্রাধিকার।

চাহিদা অনুযায়ী জনশক্তি তৈরির উদ্যোগ

সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী জনশক্তি প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইনে বৈঠকের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর কাছ থেকে কর্মীর চাহিদা সংগ্রহ করা হচ্ছে। এরপর সেই অনুযায়ী ‘ডিমান্ড ম্যাপিং’ করে প্রয়োজনীয় জনশক্তি প্রস্তুত করা হচ্ছে।

ই-পাসপোর্ট জটিলতা সমাধানের দাবি

নোটিশে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করে। অথচ বিদেশে থাকা বাংলাদেশিরা নানা হয়রানি ও জটিলতার মুখোমুখি হচ্ছেন।

তিনি বলেন, ই-পাসপোর্টের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের তথ্যের সামান্য অসঙ্গতির কারণে অনেকের পাসপোর্ট আটকে যাচ্ছে। এতে ইকামা নবায়ন ও ব্যাংকিং সেবায় সমস্যায় পড়ছেন প্রবাসীরা।

এ সমস্যা সমাধানে দূতাবাসগুলোতে বিশেষ ই-পাসপোর্ট সেল গঠন এবং আগের এমআরপি পাসপোর্টের ধারাবাহিকতা রেখে নবায়নের সুবিধা দেওয়ার দাবি জানান তিনি।

দালাল ও অবৈধ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা

সৌদি আরবে প্রবাসীদের অপহরণ ও মুক্তিপণ আদায় বন্ধে দূতাবাস ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান মোবাশ্বের আলম।

এ ছাড়া প্রতারণার শিকার প্রবাসীদের দ্রুত বিচার ও ক্ষতিপূরণ, সরকারি আইনি সহায়তা এবং দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।

মেডিকেল পরীক্ষায় অনিয়ম ও ‘ফিট-আনফিট’ বাণিজ্য বন্ধ, বিএমইটির কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং অবৈধ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান সংসদ সদস্য।

বিদেশ যেতে প্রবাসীদের অতিরিক্ত অভিবাসন ব্যয় কমানো, দূতাবাস থেকে সরাসরি আইনি ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা এবং অসুস্থ প্রবাসীদের চিকিৎসা ব্যয় বহনে সরকারি সহায়তার দাবিও করেন তিনি।

পাশাপাশি বিদেশে কোনো প্রবাসীর মৃত্যু হলে তাঁর মরদেহ দ্রুত ও বিনামূল্যে দেশে ফিরিয়ে আনার কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান মোবাশ্বের আলম।