রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩০ অপরাহন, সেপ্টেম্বর ১৫, ২০২৬

হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর স্মৃতিবিজড়িত ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেটে রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো এলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।

এক দিনের সফরে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায়ও অংশ নেবেন তিনি।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সফরের কর্মসূচির স্থান, যাতায়াতের পথ এবং নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

রাষ্ট্রপতির কার্যালয়ের নির্ধারিত সফরসূচি অনুযায়ী, সকাল ১১টা ৫০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওনা দেবেন তিনি। সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন।

দুপুর ১২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারে যাবেন তিনি।

Nagad

দুপুরের বিরতির পর বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনের সামনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সফর শেষে রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।