ঢাবি এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্, সেপ্টেম্বর ১৬, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৃথক স্থানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে দুটি এবং টিএসসির পাশে মেট্রোরেল-সংলগ্ন সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে এসব ঘটনা ঘটে।

তবে কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীস পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছেন তিনি। শব্দ শোনার পর নিরাপত্তার দায়িত্বে থাকা হাউস টিউটরকে নির্দেশ দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া অন্য কোনো বহিরাগতকে যেন হলে প্রবেশ করতে দেওয়া না হয়।

কারা এ ঘটনা ঘটাতে পারে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাটি রাস্তার হওয়ায় এবং দারোয়ানরা হলের ভেতরে থাকায় কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে প্রক্টরিয়াল টিমের প্রধান ইউসুফ হারুন বলেন, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হয়েছে। তারা জানিয়েছেন, ককটেল বিস্ফোরণের সময় ওই পথে কাউকে যেতে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, কেউ হয়তো জগন্নাথ হলের ওপর থেকে ককটেল ছুড়ে থাকতে পারে। তিনি আরও বলেন, টিএসসির পাশে মেট্রোরেল-সংলগ্ন সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে বাইকে করে এসে কেউ ককটেল ছুড়ে দিয়ে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

Nagad