প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্, সেপ্টেম্বর ১৬, ২০২৬

ইতালিতে সাম্প্রতিক সময়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের খোঁজ নিতে তাদের বাসায় গিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তিনি বাঁধনের বাসায় গিয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে বিষয়টি জানান বাঁধন। একই সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বাঁধন লিখেছেন, ‘আজ আমার ও আমার পরিবারের খোঁজ নিতে আমাদের বাসায় এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির সাহেব। তার এই আন্তরিকতা, সৌজন্য এবং দায়িত্বশীলতার জন্য আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ।’

এই কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর উদ্যোগ তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছে বলেও জানান বাঁধন। একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তার আস্থাও এতে আরও দৃঢ় হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বাঁধনের ভাষায়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার জনগণ। জনগণের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্র যখন দায়িত্বশীল ভূমিকা পালন করে, তখন নাগরিকের আস্থার জায়গাটিও আরও শক্তিশালী হয়।

ইতালিতে সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে বাংলাদেশ সরকার, সরকারপ্রধান, বাংলাদেশ দূতাবাস, ইতালীয় সরকার ও পুলিশ বিভাগসহ দেশে-বিদেশে যারা তার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান বাঁধন। তার ও তার পরিবারের খোঁজ নেওয়া এবং মানবিক সহায়তা ও সমর্থনের জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Nagad

অভিনেত্রী বলেন, এই অভিজ্ঞতা তাকে আবারও মনে করিয়ে দিয়েছে—অন্যায়, ভয় ও বিভাজনের বিরুদ্ধে মানুষের সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য, সাহস এবং একে অপরের প্রতি দায়িত্ববোধ।

মতের পার্থক্য থাকতেই পারে, তবে একজন নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিয়ে কোনো আপস হতে পারে না বলেও নিজের অবস্থান তুলে ধরেন বাঁধন।

মানুষ যখন ন্যায় ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হয়, তখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি বহুগুণ বেড়ে যায় বলেও মনে করেন তিনি। একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাকে সম্মিলিত দায়িত্ব হিসেবেও উল্লেখ করেন এই অভিনেত্রী।

ইতালিতে বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনার পর দেশে ও বিদেশে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যায়। এরই মধ্যে তার বাসায় গিয়ে পরিবারের খোঁজ নেওয়ার ঘটনাকে রাষ্ট্রের পক্ষ থেকে পাওয়া সহমর্মিতা ও দায়িত্বশীলতার প্রকাশ হিসেবে দেখছেন অভিনেত্রী।