হাম ও উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২০
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০ জন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৯৫২ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০১ শিশু। অর্থাৎ হাম ও এর উপসর্গ নিয়ে এ সময়ে মোট ১ হাজার ৫৩ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৭৯ শিশু হামে আক্রান্ত হয়েছে। হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৪১। এ সময়ে নতুন করে ৮৩৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৬২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৬৬৬। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৪৭৪।
এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ রোগী। তাদের মধ্যে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

