‘দেশে বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসাকেন্দ্র স্থাপনের উদ্যোগ’
দেশে বন্ধ্যাত্ব চিকিৎসার সুযোগ আরও বাড়াতে পৃথক ও আধুনিক চিকিৎসাকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে পিসিওএস সচেতনতা বিষয়ক সেমিনারে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করার পাশাপাশি দক্ষ চিকিৎসক তৈরি করতে হবে। এ বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করতে হবে।
সন্তান না হওয়াকে কেন্দ্র করে কোনো দম্পতি যেন সামাজিকভাবে হেনস্তার শিকার না হন, সে বিষয়েও সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দেশের চিকিৎসকদের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার তুলনায় হাসপাতালের শয্যা সংখ্যা অনেক কম। তাই শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবার পরিধিও বাড়াতে হবে।

