স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর: ‘প্রশাসনিক কারণে’ শাহ আলী থানার ওসি প্রত্যাহার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৫০ অপরাহন, সেপ্টেম্বর ২৭, ২০২৬

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুই দিন পর ‘প্রশাসনিক কারণ’ দেখিয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহারের পর শনিবার মধ্যরাতে দায়িত্ব হস্তান্তর করে থানা ত্যাগ করেন তিনি। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টারের পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা কার্যালয় আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির ওই অফিস আদেশে জাহাঙ্গীর আলমকে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করার কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে। তবে এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার সঙ্গে প্রত্যাহারের সরাসরি সম্পর্কের কথাও আদেশে উল্লেখ নেই।

মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে শাহ আলী থানার দূরত্ব প্রায় এক কিলোমিটার। স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের সময় পুলিশের উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠার পর ডিএমপি কমিশনার জানিয়েছিলেন, খবর পাওয়ার পর পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছেছিল কি না এবং কারও অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ ও মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না।

Nagad

এদিকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে। এর আগে গ্রেপ্তার চারজনের দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় এর আগে চারজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছিলেন ওসি জাহাঙ্গীর আলম। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।