সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৪১ অপরাহন, সেপ্টেম্বর ২৭, ২০২৬

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে ভাঙচুর ও হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, স্টুডিওর জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড এবং এলাকার অন্য জমির মালিকদের মধ্যে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সালমান মুক্তাদির স্টুডিওটি তৈরি করেছিলেন। হামলার সময় স্টুডিওটি ভাঙচুর করা হয়।

সালমান মুক্তাদিরের অভিযোগ, শনিবার দিনগত রাতে দুটি ট্রাকে করে লোকজন এসে স্টুডিওতে হামলা চালিয়ে ভাঙচুর করে। রাত পৌনে ২টার দিকে ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি জানান, স্টুডিওতে হামলা হয়েছে এবং পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে।

Nagad

পরে সালমান অভিযোগ করেন, হামলাকারীদের মূল লক্ষ্য হয়তো ভবনের মালিক ছিলেন এবং তার কাছে চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে।

তবে পুলিশের ভাষ্য, নিউ গিনি প্রপার্টিজ ওই জমিতে একটি গেট তৈরি করে অন্যদের চলাচল বন্ধ করে দিয়েছিল। চলাচলে সমস্যার কারণে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন সেখানে যায়।

ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘আমরা ইতোমধ্যে মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’