চট্টগ্রামে কিশোর অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৪৪৫

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ১:৩৩ অপরাহন, সেপ্টেম্বর ২৮, ২০২৬

কিশোর অপরাধ নিয়ন্ত্রণ ও উঠতি বয়সের তরুণদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে চট্টগ্রাম জেলার ১৭টি থানা এলাকায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ অভিযানে মোট ৪৪৫ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, অভিযানে পাড়া-মহল্লার আড্ডাস্থল, বাজার, রেলস্টেশন, খেলার মাঠ, পরিত্যক্ত ভবনসহ বিভিন্ন নির্জন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ৩৫৪ জন কিশোরকে আটক করে থানায় নেওয়া হয়।

পরে যাচাই-বাছাই শেষে অপরাধে জড়িত থাকার কোনো প্রমাণ না পাওয়ায় ২৯৩ জন কিশোরকে অভিভাবকদের উপস্থিতিতে মুচলেকা নিয়ে স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তবে অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৬১ জন কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া অভিযানে মাদক ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৯১ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে অভিযানে আটক ও গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় ৪৪৫ জনে।

অভিযান শেষে থানায় আসা অভিভাবকদের সঙ্গে কথা বলেন পুলিশ কর্মকর্তারা। সন্তানরা কখন, কোথায় এবং কার সঙ্গে সময় কাটাচ্ছে, সে বিষয়ে নজর রাখার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার, বন্ধুবান্ধবের সঙ্গ ও চলাফেরার ওপরও সচেতনভাবে নজর রাখতে বলা হয়, যাতে তারা মাদক বা অপরাধমূলক পরিবেশে জড়িয়ে না পড়ে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম (বিপিএম) বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের অভিযানই যথেষ্ট নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

Nagad

তিনি জানান, কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা জুড়ে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ও নজরদারি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।