সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:০৪ পূর্বাহ্, অক্টোবর ১, ২০২৬

রাজধানীর যানজট কমাতে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাসগুলো শিগগিরই কাঁচপুরে নির্মাণাধীন নতুন বাস টার্মিনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কাঁচপুর বাস টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে দ্রুততম সময়ে কাঁচপুর টার্মিনালের নির্মাণকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি জানান, প্রাথমিকভাবে অস্থায়ী শেড নির্মাণ করে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীসহ দূরপাল্লার ১৬টি জেলার বাস সায়েদাবাদ থেকে কাঁচপুরে স্থানান্তর করা হবে। পরে সেখানে স্থায়ী অবকাঠামো গড়ে তোলা হবে।

দূরপাল্লার বাস রাজধানীর মূল শহরে প্রবেশ না করলে যানজট উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করেন তিনি। কাঁচপুর থেকে সায়েদাবাদে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে বিশেষ ‘শাটল সার্ভিস’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

এ ছাড়া গুলিস্তান বাস টার্মিনাল বুড়িগঙ্গার ওপারে স্থানান্তরের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান ডিএসসিসি প্রশাসক।

Nagad

তিনি বলেন, প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে তিনটি প্যাকেজে কাঁচপুর বাস টার্মিনালের নির্মাণকাজ চলছে। প্রকল্পটির সার্বিক অগ্রগতি বর্তমানে প্রায় ৩০ শতাংশ। এর মধ্যে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ ৭৫ শতাংশ এবং অভ্যন্তরীণ প্ল্যাটফর্ম তৈরির কাজ ২৫ শতাংশ শেষ হয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রাথমিক কাজ শেষ করে টার্মিনালটি চালুর লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

ডিএসসিসির তথ্য অনুযায়ী, প্রায় ১২ একর জায়গার ওপর নির্মাণাধীন কাঁচপুর বাস টার্মিনালে একসঙ্গে প্রায় ৪০৫টি বাস রাখার সক্ষমতা থাকবে। এর মধ্যে ৩৭৮টি বাসের পার্কিং ও ২২টি বাস বে থাকবে। এ ছাড়া পাঁচটি ওয়াশিং বে এবং ৪০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

যাত্রীদের জন্য থাকবে ৪৮০ আসনের অপেক্ষমাণ স্থান ও ১০৬টি টিকিট কাউন্টার। পুরুষদের জন্য ১০টি এবং নারীদের জন্য ছয়টি টয়লেট নির্মাণের ব্যবস্থা রাখা হয়েছে। টার্মিনালে ৬৫ বর্গমিটার অফিস স্পেস ও ৫০ বর্গমিটার ইলেকট্রো-মেকানিক্যাল রুমের সংস্থানও রাখা হয়েছে।

পরিদর্শনের সময় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হকসহ ডিএসসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।