‘ভোট চুরি’র প্রতিবাদ

বেঙ্গালুরুতে সিজেপির বিক্ষোভে উপস্থিত ধ্রুব রাঠী-প্রকাশ রাজ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৪৩ অপরাহন, অক্টোবর ৮, ২০২৬

সংগৃহীত ছবি

ভারতে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) বা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিতর্কের মধ্যে বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে বিক্ষোভ শুরু হয়েছে। ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত এ বিক্ষোভকে ‘ভোট চুরি’র বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তুলে ধরেছেন আয়োজকেরা।

বিক্ষোভস্থলে সিজেপি নেতাদের সঙ্গে উপস্থিত হন ধ্রুব রাঠী ও প্রকাশ রাজ। এ সময় এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগের সমর্থনে বিভিন্ন ভিডিও প্রমাণও প্রদর্শন করা হয়।

বিক্ষোভে একটি ‘পিপলস ট্রাইব্যুনাল’ আয়োজনের কথা রয়েছে। সেখানে কর্ণাটকের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়ে তাদের উদ্বেগ ও অভিজ্ঞতার কথা তুলে ধরবেন। এরপর ‘চপ্পল প্রতিবাদ’ বা জুতা ছুড়ে প্রতিবাদের আয়োজন করা হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে বক্তব্য দেওয়ার সময় অভিনেতা প্রকাশ রাজ বলেন, ‘তারা দেশের ভোটারদের অপমান করেছে। পাঁচ বছরে মাত্র একবারই এই রাজনীতিবিদরা আমাদের কাছে আবেদন নিয়ে আসেন। আর এখন আমাদের নিজেদের ভোটের জন্য আমাদেরকেই তাদের কার্যালয়ের সামনে ভিক্ষা করতে বাধ্য করা হচ্ছে।’

এর আগে বুধবার ফ্রিডম পার্কের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা জানান প্রকাশ রাজ। পরে ধ্রুব রাঠীও তাঁর অংশগ্রহণ নিশ্চিত করেন। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্রনেতা ঐশী ঘোষ, নেহা বোরা, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ যুব ও নাগরিক সমাজের প্রতিনিধিদেরও কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, ‘আমাদের ভোট বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ স্লোগানে ফ্রিডম পার্কে এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। তাঁর দাবি, ধ্রুব রাঠী ও প্রকাশ রাজও কর্মসূচিতে অংশ নেবেন।

Nagad

সিজেপি ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর দাবি, এসআইআর কার্যক্রমের সময় ভোটার তালিকা থেকে যেসব নাম বাদ দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত বাতিল করে আগের ভোটার তালিকা বহাল রাখতে হবে। নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তারা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগও দাবি করেছে।

তাদের অভিযোগ, এসআইআরকে কেন্দ্র করে পরিচালিত কার্যক্রমকে ‘ভোট চুরি’র প্রক্রিয়া হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি।