ভারতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে অন্তত ১২ সাংবাদিককে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) বিক্ষোভের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে।
আটক সাংবাদিকদের মধ্যে হিন্দুস্তান টাইমসের সহযোগী প্রকাশনা হিন্দুস্তানের একজন প্রতিবেদক, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের হিন্দি সংস্করণের তিন প্রতিবেদক, দ্য হিন্দুর একজন সাংবাদিক এবং বিভিন্ন ডিজিটাল সংবাদমাধ্যমের ক্যামেরাপারসন রয়েছেন।
সাংবাদিকদের অভিযোগ, পরিচয়পত্র দেখানোর পরও তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছে পুলিশ। তবে এ বিষয়ে দিল্লি পুলিশের জনসংযোগ কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
পরিচয়পত্র দেখিয়েও রেহাই পাননি প্রতিবেদক
হিন্দুস্তানের ২৭ বছর বয়সী প্রতিবেদক আশিস সিং জানান, রোববার বেলা আড়াইটার দিকে রামকৃষ্ণ আশ্রম মার্গ এলাকায় বিক্ষোভের খবর সংগ্রহ করছিলেন তিনি। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) ডাকা ওই কর্মসূচিতে পুলিশের আটক কার্যক্রমের ভিডিও ধারণ করছিলেন।
আশিসের অভিযোগ, এ সময় পুলিশ তাঁকে ধাক্কা দেয় ও আঘাত করে। গলায় সংবাদমাধ্যমের পরিচয়পত্র থাকা সত্ত্বেও পুলিশ তাঁর কথা শোনেনি। বারবার নিজেকে হিন্দুস্তানের প্রতিবেদক হিসেবে পরিচয় দেওয়া ও পরিচয়পত্র দেখানোর পরও তাঁকে এক আলোকচিত্রীর সঙ্গে পুলিশের বাসে তুলে নেওয়া হয়।
তিনি বলেন, বিক্ষোভকারীদের থেকে দূরে ছিলেন এবং পুলিশের কাজে বাধা দিচ্ছিলেন না। তারপরও তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়।
আশিস জানান, প্রায় ২০ থেকে ৩০ মিনিট বাসে থাকার পর মন্দির মার্গ এলাকায় পৌঁছে তিনি আরেক সাংবাদিকের সঙ্গে বাস থেকে নেমে যান। ফোন কেড়ে নিয়ে ধারণ করা ভিডিও মুছে ফেলা হতে পারে—এমন আশঙ্কায় তিনি উদ্বিগ্ন ছিলেন।
ছবি তুলতে গিয়ে আটক আলোকচিত্রী
একটি জাতীয় সংবাদ সংস্থার এক আলোকচিত্রীও আটকের অভিজ্ঞতা জানিয়েছেন। পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি বলেন, বিক্ষোভকারীদের আটক করার ছবি তুলছিলেন তিনি।
তাঁর অভিযোগ, পুলিশ পথচারীদের সরিয়ে দেওয়ার পাশাপাশি সাংবাদিকদেরও আটক করছিল। একপর্যায়ে পুলিশ সদস্যরা তাঁকে বাসে উঠতে বলেন এবং ধাক্কা দিয়ে ভেতরে তুলে দেন।
ধারণ করা ছবি ও ভিডিও মুছে ফেলার আশঙ্কায় ক্যামেরার মেমোরি কার্ড লুকিয়ে রেখেছিলেন বলেও জানান ওই আলোকচিত্রী।
৪৫ মিনিট পর ছাড়া পান তিন সাংবাদিক
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে জানানো হয়, সংবাদমাধ্যমটির তিন সাংবাদিক শাশ্বত, সিয়া ও বিজয়কে দিল্লির কনট প্লেস এলাকা থেকে আটক করা হয়। পরে তাঁদের ছত্রসাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। প্রায় ৪৫ মিনিট পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
দ্য হিন্দুর নারী সাংবাদিকও আটক
রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে দ্য হিন্দুর এক নারী সাংবাদিককেও কিছু সময়ের জন্য আটক করা হয়। তাঁকে পুলিশের একটি বাসে তোলা হয়েছিল।
ওই সাংবাদিক জানান, তিনি নিজের ভিডিও ধারণ করছিলেন। এ সময় পুলিশ সদস্যরা এসে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং পরে আটক করেন। নিজের পরিচয় সাংবাদিক হিসেবে জানানোর পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে একাধিক সাংবাদিক আটকের ঘটনায় সংবাদকর্মীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের সুযোগ নিয়ে প্রশ্ন উঠেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস

