অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪৪ পূর্বাহ্, অক্টোবর ১৭, ২০২৬

রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে ছোট মেয়েকে নিয়ে ক্লাবে প্রবেশ করেন মোশাররফ হোসেন। পরে মেয়েকে ক্লাবের সুইমিংপুলে রেখে তিনি পাশের নির্মাণাধীন ভবনে যান। প্রায় এক ঘণ্টা পর ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে তার মরদেহ পাওয়া যায়।

মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর বনানীর একটি বাড়িতে বসবাস করতেন।

পারিবারিক সূত্র জানায়, তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফিরলে মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন করা হবে।

এ বিষয়ে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, সকালে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবের সুইমিংপুলে যান। তিনি চোখে কম দেখতেন। নির্মাণাধীন ভবনটির তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে যান তিনি। পুলিশ ঘটনাস্থলে তার মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে।

ডিসি জাহিদুল ইসলাম আরও বলেন, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত করতে না চাওয়ায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

Nagad