কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও নায়েবে আমিরের সদস্যপদ বাতিল
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুরের ঘটনায় মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ ও নায়েবে আমির একেএম এমদাদুল হক মামুনের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরীর তত্ত্বাবধায়ক আবদুল হালিম।
তিনি জানান, জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর সাবেক আমির ও কেন্দ্রের তালিকাভুক্ত সদস্য কাজী দ্বীন মোহাম্মদ এবং সাবেক নায়েবে আমির ও কেন্দ্রের তালিকাভুক্ত সদস্য একেএম এমদাদুল হক মামুনের সদস্যপদ বাতিল করা হয়েছে।
আবদুল হালিম বলেন, গত ১৪ অক্টোবর কুমিল্লা নগরীর মোঘলটুলি এলাকার ফারুকী হাউজে মহানগর জামায়াতের দলীয় কার্যালয়ে সভা চলাকালে সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে গত ২৬ অক্টোবর জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আলোচনার পর তাঁদের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সিদ্ধান্তটি রোববার প্রকাশ্যে আসে।
এর আগে গত ১৪ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয়ে কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়।

