প্রকৃত উদ্যোক্তাদের জন্য ৬০ হাজার কোটি টাকার অর্থায়ন নিশ্চিত করতে হবে: গভর্নর
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন প্যাকেজের সুবিধা প্রকৃত উদ্যোক্তাদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন গভর্নর মো. মোস্তাকুর রহমান।
শুক্রবার (৭ নভেম্বর) সিলেটে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে ব্যাংকসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
গভর্নর বলেন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, বন্ধ কলকারখানা পুনরুজ্জীবিত করা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে এই বিশেষ অর্থায়ন প্যাকেজ নেওয়া হয়েছে।
সভায় সিলেটের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের আঞ্চলিক প্রধান, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ, নারী উদ্যোক্তা এবং কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় অর্থায়ন প্যাকেজ বাস্তবায়নের মাঠপর্যায়ের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
গভর্নর বলেন, বর্তমানে ব্যাংক ঋণের সাধারণ সুদের হার ১২ থেকে ১৪ শতাংশ হওয়ায় ব্যবসা পরিচালনায় উদ্যোক্তাদের ওপর বড় চাপ তৈরি হয়েছে। এ চাপ কমাতে এবং থমকে যাওয়া শিল্প খাতকে পুনরুজ্জীবিত করতে প্যাকেজের আওতায় ৪ থেকে ৮ শতাংশ সুদে ঋণ দেওয়া হচ্ছে।
তিনি জানান, ৬০ হাজার কোটি টাকার এই প্যাকেজের মধ্যে ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এবং ৪১ হাজার কোটি টাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে দেওয়া হবে।
সিলেট অঞ্চলের বন্ধ উৎপাদনমুখী শিল্প ও সেবা খাত পুনরায় সচল করার ওপর গুরুত্ব দিয়ে গভর্নর বলেন, প্যাকেজের সবচেয়ে বড় অংশ ২০ হাজার কোটি টাকা বন্ধ শিল্প পুনর্গঠনে ব্যয় করা হবে। কৃষি ও পল্লী অর্থনীতি চাঙ্গা করতে রাখা হয়েছে ১০ হাজার কোটি টাকা। আর বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার কোটি টাকা।
তরুণদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নতুন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, বেকার যুবকদের অর্থনীতির মূল ধারায় যুক্ত করতে নভেম্বর থেকেই একটি প্রকল্প শুরু হয়েছে। এর আওতায় দেশের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৫ হাজার তরুণকে বাছাই করে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে।
এই প্রক্রিয়ায় ব্যাংক বা আমলাতান্ত্রিক কোনো হস্তক্ষেপ থাকবে না বলেও জানান গভর্নর।
প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের ঋণপ্রাপ্তি সহজ করার বিষয়ে তিনি বলেন, ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষকরা প্রচলিত জমির জামানতের পরিবর্তে বিকল্প জামানত ব্যবহার করে সহজে ঋণ নিতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদের সভাপতিত্বে সভায় শুরুতে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংকিং রেগুলেশন পলিসি বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন তপাদার একটি উপস্থাপনা দেন।

