সাবেক এমপি জেবুন্নেছা আফরোজের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫

হত্যা মামলায় ঢাকায় গ্রেপ্তার মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে বরিশালের বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৬ মে) বরিশালের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে জেবুন্নেছার পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, জেবুন্নেছার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার স্থগিত নেতা মারজুক আব্দুল্লাহ একটি বিস্ফোরক আইনের মামলা করেন। এ মামলায় তাকে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে শোন অ্যারেস্টের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৭ মে ঢাকার কেরানীগঞ্জ থেকে জুলাইয়ের গণঅভ্যুত্থানে সংঘটিত একটি হত্যা মামলায় জেবুন্নেছাকে গ্রেপ্তার করা হয়। তিনি বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরনের স্ত্রী।