ঢাবির রূপান্তরে ২৮৪০ কোটি টাকার প্রকল্প অনুমোদন, বদলে যাবে রূপ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও আধুনিকীকরণের জন্য ২৮৪০ কোটি ৩৯ লাখ টাকার ‘অধিকতর উন্নয়ন প্রকল্প’ অনুমোদন দিয়েছে সরকার। রোববার (২৭ জুলাই) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
২০২৫ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত সময়ের মধ্যে বাস্তবায়িত হবে এ প্রকল্প। এতে বিশ্ববিদ্যালয়ে ৪১টি বহুতল ভবন নির্মাণসহ বড় পরিসরে অবকাঠামো উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।
প্রকল্পের আওতায় ছাত্রদের জন্য ১০টি ও ছাত্রীদের জন্য ৬টি নতুন আবাসিক হল নির্মাণ করা হবে। প্রতিটি হলে থাকবে আবাসিক শিক্ষকদের জন্য ২০টি ফ্ল্যাটসহ ১১তলা বিশিষ্ট কোয়ার্টার। শহীদুল্লাহ হল, জহুরুল হক হল, সূর্যসেন হল, মুহসীন হলসহ পুরোনো ভবন ভেঙে নতুন আধুনিক ভবন নির্মিত হবে।
একাডেমিক ভবন ও গবেষণা সুবিধা
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ৮টি একাডেমিক ভবন নির্মাণ করা হবে। এর মধ্যে আইএসআরটি, ফার্মেসি, চারুকলা, বিজনেস স্টাডিজ অনুষদ, উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও প্রেস কাম একাডেমিক ভবনের জন্য থাকছে বহুতল ভবন।
আধুনিক প্রশাসনিক ও মাল্টিপারপাস ভবন
ডাকসু ভবনের স্থলে নির্মিত হবে ১২তলা মাল্টিপারপাস ভবন। প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় থাকবে নতুন ২০তলা ও ৪তলা দুটি ভবন।
ক্রীড়া ও স্বাস্থ্যসেবা উন্নয়ন
কেন্দ্রীয় খেলার মাঠে গ্যালারি, বাস পার্কিং, ডরমিটরি এবং আধুনিক ক্রীড়া সুবিধা নির্মাণ করা হবে। শিববাড়ী আবাসিক এলাকায় নির্মাণ হবে ৬তলা শহীদ বুদ্ধিজীবী ডা. মোর্তজা মেডিকেল সেন্টার ভবন।
রোড নেটওয়ার্ক ও পরিবেশ উন্নয়ন
বিশ্ববিদ্যালয়জুড়ে উন্নত ড্রেনেজ ব্যবস্থা, রোড নেটওয়ার্ক, জলাধার সংস্কার, সৌন্দর্যবর্ধন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে। বসানো হবে পাবলিক টয়লেটও।
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এর পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মানসম্মত পরিবেশ নিশ্চিত হবে।

