নতুন মামলায় গ্রেপ্তার আমু-গোলাপ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১:৫৭ অপরাহন, জুলই ২৮, ২০২৫

জুলাই আন্দোলনে সংঘটিত সহিংসতার ঘটনায় রাজধানীর মিরপুর ও ধানমন্ডি থানার পৃথক দুই হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং দলটির সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এপিএস আবদুস সোবহান গোলাপকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত এই আদেশ দেন।

সিআইডির পুলিশ পরিদর্শক মো. আলাউদ্দিনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আমু ও গোলাপের উপস্থিতিতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয় এবং আদালত তাদের গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের (বুটেক্স) শিক্ষার্থী সুজন মাহমুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আমির হোসেন আমুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলন চলাকালে মিরপুর থানার অধীনস্থ এলাকায় অবস্থান করছিলেন সুজন। এ সময় অভিযুক্তদের ছোড়া গুলি তার মাথার ডান পাশে আঘাত হানে এবং মাথার ভেতরে গুলি আটকে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই সুলতান মাহমুদ ২৩ আগস্ট মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

অন্যদিকে, ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনে অংশ নিয়ে নিহত হন আব্দুল্লাহ সিদ্দিকি। গত বছরের ৪ আগস্ট বিকেল পৌনে ৪টার দিকে গোলাপসহ অন্যদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান। এই ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় আব্দুস সোবহান গোলাপ ২৪ নম্বর এজাহারনামীয় আসামি।

উল্লেখিত দুটি মামলায় পৃথক আবেদনের ভিত্তিতে সোমবার আদালত দুই সাবেক ক্ষমতাধর নেতাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। মামলাগুলোর তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

Nagad