ডুবতে বসেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটনে ধসের শঙ্কা
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ডুবে যেতে বসেছে রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত সেতু। পর্যটন শিল্পের প্রতীক হিসেবে পরিচিত এ সেতুটি এখন প্রায় অর্ধেকটাই পানির নিচে। ফলে সেতুতে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, সেতুর পাটাতন পর্যন্ত পানি উঠে গেছে।
পর্যটন ঘাটের বোট চালক সমিতির নেতা মো. সালাউদ্দিন বলেন, ‘‘বৃষ্টি এভাবে চলতে থাকলে দু-এক দিনের মধ্যেই পুরো সেতু পানিতে তলিয়ে যাবে। তখন আমাদের পর্যটন ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’’
পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, ‘‘উজানের পানির প্রবাহ বাড়ায় সেতুর ওপর পানি উঠে গেছে। আমরা সতর্ক অবস্থানে আছি।’’
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বর্তমানে হ্রদের পানির স্তর ১০৫.২৬ এমএসএল, যেখানে এ সময় স্বাভাবিক মাত্রা থাকার কথা ৮৮.৪৯ এমএসএল। বর্তমানে ৫টি ইউনিট দিয়ে ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
প্রসঙ্গত, হ্রদের পানি ১০৫ এমএসএল পৌঁছালেই প্রতিবছরই ডুবে যায় এ সেতুটি। নানা সময় উন্নয়ন সংস্থাগুলো সেতু রক্ষণাবেক্ষণের প্রতিশ্রুতি দিলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।

