মেনন-ইনু-পলক নতুন মামলায় গ্রেপ্তার

রাজধানীর কদমতলী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক এক হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা, কদমতলী থানার উপ-পরিদর্শক মো. আরিফ হোসাইন, আদালতে হাজির হয়ে আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৪টায় কদমতলী থানা এলাকায় অবস্থান করছিলেন তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহাদী হাসান পান্থ। ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকালে তার মুখে গুলিবিদ্ধ হয়ে মাথার পেছন দিয়ে গুলি বেরিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা ২০২৪ সালের ৮ নভেম্বর কদমতলী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় মেনন, ইনু ও পলক যথাক্রমে ৭, ৮ ও ৯ নম্বর এজাহারভুক্ত আসামি।